চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। বুধবার (১৭ জুন) সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী সোনামসজিদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূতের এই সফরকালে তার সাথে উপস্থিত ছিলেন— রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সফরকালে রাষ্ট্রদূত সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। রাষ্ট্রদূতের এই সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরও তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।
—জা. অর্থনীতি/এলএটি