খাগড়াছড়ি প্রতিনিধি: সারাদেশের মতো খাগড়াছড়িতেও বইছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে খাগড়াছড়ি শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেছে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে, হাতে জাতীয় পতাকা ও প্রিয় দলের পতাকা নিয়ে সমর্থকেরা চেঙ্গী স্কোয়ারে জড়ো হন।
শোভাযাত্রাটি চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং এলাকা, পনখাইয়াপাড়া, নিউজিল্যান্ড সড়ক ঘুরে পুনরায় শাপলা চত্বরে এসে শেষ হয়। পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশে মুখর হয়ে ওঠে শহর।
আর্জেন্টিনা সমর্থক কামাল আহমেদ বলেন, বিশ্বকাপ এলেই আমাদের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি। প্রিয় দলের জন্য শুভকামনা জানাতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আশা করি এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে থাকবে।
আরেক সমর্থক উজ্জ্বল দে বলেন, আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা ও আবেগের জায়গা থেকে এই আয়োজন। আমরা বিশ্বাস করি, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। মেসি এবং দলের খেলোয়াড়দের জন্য রইল শুভকামনা।
শোভাযাত্রা শেষে সমর্থকেরা বিশ্বকাপজুড়ে দলকে সমর্থন করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাদের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। আর সেই আবেগের রঙেই রাঙিয়ে উঠেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ি।
—জা.অর্থনীতি/এনজে
