হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ করতে সৌদি আরবে যান। সেখানে তার একটি লাগেজ হারিয়ে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের ওই হজযাত্রী তার হারিয়ে যাওয়া লাগেজের জন্য আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজের। এ নিয়ে হজ কাফেলা প্রতিষ্ঠানের কিছু করার নেই। এ বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এর জেরে আজ উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এতে আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

—জা.অর্থনীতি/এনজে