বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরকে কেন্দ্র করে একটি কাঁচা সড়কে বিছানো ইট সফর শেষে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় আধা কিলোমিটার সড়কে সাময়িকভাবে এই ইট বিছিয়েছিল। সফর শেষে ইট অপসারণের এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এসে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে একটি কর্মসূচিতে অংশ নেন এবং পরে পৈতৃক ভিটা জিয়াবাড়ী পরিদর্শনে যান। তার এই সফরকে কেন্দ্র করে নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে জিয়াবাড়ী পর্যন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা সড়ক দ্রুত চলাচল উপযোগী করতে ১০ লাখ টাকায় ইট ভাড়া নিয়ে সোলিং করা হয়েছিল।
এলজিইডির বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, "সড়কটি স্থায়ীভাবে পাকাকরণের জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ আগে থেকেই ছিল এবং কার্যাদেশও দেওয়া হয়েছে। যেহেতু স্থায়ী কাজ হবে, তাই সাময়িকভাবে ব্যবহৃত ইট পরে অপসারণ করা হয়েছে। ইটগুলো কেনা হয়নি, ভাড়া নেওয়া হয়েছিল। এতে সরকারি অর্থের সাশ্রয় হয়েছে।"
তবে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য প্রশাসন (সুপ্র) বগুড়ার সম্পাদক কে জী এম ফারুক। তিনি বলেন, "একটি কাঁচা সড়ক পাকাকরণের জন্য দরপত্র সম্পন্ন হওয়ার পর সেখানে নতুন করে আর কোনো রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার সুযোগ নেই। শুধু রাষ্ট্রীয় অতিথির সফরকে কেন্দ্র করে এ ধরনের ব্যয় রাষ্ট্রের অর্থ অপচয় এবং এটি এক ধরনের ছলচাতুরী।"
গাবতলী উপজেলা প্রকৌশলী মো. সাজেদুর রহমান জানান, সীমানাসংক্রান্ত কিছু জটিলতার কারণে স্থায়ী কাজ শুরুতে বিলম্ব হলেও বর্তমানে প্রকল্পের বাকি প্রস্তুতি ও সুরক্ষামূলক অবকাঠামো নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সড়কটির কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি