মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
ফাইল ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাতে নিজ বসতবাড়িতে কাজ করার সময় পৃথকভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র এলাকার আব্দুর রউফের ছেলে রাতুল আহমেদ (২৫) এবং শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের শ্রমিক বিশ্বক্ষেত ভূইয়ার ছেলে শিল্পী ভূইয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত রাতুল আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হন। একই দিন সন্ধ্যায় নিজ ঘরে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন চা শ্রমিক শিল্পী ভূইয়া। উভয়কেই আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিশ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি