নদীতে নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টা পরও মেলেনি সন্ধান
জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আপন দুই ভাইয়ের সন্ধান মেলেনি। সোমবার (৮ জুন) দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ দুই ভাই হলেন— লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন এবং অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনেই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বন্ধু মেহেদিসহ ধরলা নদীর মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় গোসলে নামে সাব্বির ও সাওন। এ সময় হঠাৎ তীব্র স্রোতের টানে দুই ভাই নদীর গভীরে তলিয়ে যেতে থাকলে বন্ধু মেহেদি তাদের উদ্ধারের চেষ্টা করে নিজেও ডুবে যেতে থাকে। তীরে থাকা একজন জেলে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নদীতে নেমে মেহেদিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন আপন দুই ভাই।

খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা এবং পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। সেখানে তাদের সন্ধান না মেলায় বিকেলে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়। রাতে অভিযান স্থগিত থাকার পর সোমবার সকাল থেকে পুনরায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আজ সকাল থেকে রংপুর থেকে আসা ডুবুরি দলও আমাদের সাথে যোগ দিয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে ধরলা নদীতে পানির গভীরতা বেশি এবং স্রোত অত্যন্ত তীব্র। এই তীব্র স্রোত ও নদীর তলদেশের ঘূর্ণিপাকের কারণে ডুবুরিদের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি