মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। মায়ের জানাজায় অংশ নিতে এসে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন ছেলে আবু বাক্কার ছিদ্দিক (৩৫)। পরে মা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামের মৃত হারিছ মিয়ার স্ত্রী জুলেখা খাতুন (৬৫) গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকায় কর্মরত ছেলে আবু বাক্কার ছিদ্দিক দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন।

পরিবার সূত্রে জানা গেছে, আবু বাক্কার ছিদ্দিক ঢাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। গত বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে ফোন করে সরাসরি মৃত্যুর খবর না জানিয়ে মায়ের অসুস্থতার কথা বলে দ্রুত বাড়িতে আসতে বলা হয়।

বিকেলে বাড়িতে পৌঁছে মায়ের মরদেহ দেখতে পেয়ে আবু বাক্কার ছিদ্দিক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই রাতে জুলেখা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সকাল ১০টায় আবু বাক্কার ছিদ্দিকের জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা মা-ছেলের এমন করুণ পরিণতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

—জা. অর্থনীতি/এনজে