আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ১৫টি প্রতিষ্ঠান ৪ দিনের কর্মসপ্তাহ চালু করে ইতিবাচক ফল পাওয়া গেছে। এতে কোনো প্রতিষ্ঠানই উৎপাদনশীলতা কমে যাওয়ার অভিযোগ করেনি।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি পরীক্ষামূলক সময় শেষে এই ব্যবস্থা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্য কনভারসেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস কমিউনিকেশনস-এ। এতে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ৪ দিনের কর্মসপ্তাহ চালু করা বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়।
গবেষণায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোতে কর্মীরা আগের মতোই শতভাগ বেতন পান। কিন্তু কাজ করেন আগের সময়ের ৮০ শতাংশ। এর বিনিময়ে প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা করে আগের সমপরিমাণ উৎপাদনশীলতা।
গবেষকেরা জানান, প্রতিষ্ঠানগুলোর বড় একটি অংশ ৪ দিনের কর্মসপ্তাহে যাওয়ার মূল কারণ হিসেবে কর্মীদের মানসিক চাপ ও বার্নআউট কমানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েছে।
১৫টির মধ্যে ৬টি প্রতিষ্ঠান জানায়, কর্মীদের সুস্থতা ও কাজ- জীবনের ভারসাম্য নিশ্চিত করাই ছিল তাদের প্রধান লক্ষ্য।
অস্ট্রেলিয়ার মানসিক স্বাস্থ্য সংস্থা বিয়ন্ড ব্লুর ২০২৫ সালের এক জরিপ অনুযায়ী, দেশটির প্রতি ২ জন কর্মীর একজন বার্ন আউটের ঝুঁকিতে আছেন। তরুণ কর্মী ও অভিভাবকদের মধ্যে এই সমস্যা আরও বেশি।
গবেষণায় দেখা যায়, অংশ নেওয়া ৬টি প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বেড়েছে বলে জানিয়েছে।
—জা. অর্থনীতি/এনজে
