নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও ঈদের ছুটির কারণে রাজধানীর বায়ুর মানে উন্নতি দেখা গেলেও বৃষ্টিপাত কমে যাওয়ায় দূষণের মাত্রা আবারও বেড়ে গেছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ১০৭।
এ স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি প্রধান দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম। একিউআই অনুযায়ী শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকায় ২৭৩ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্কোর ১৬৩ এবং তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৬। ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঈদের সময় যানবাহন চলাচল ও নির্মাণকাজ কমে যাওয়ার পাশাপাশি টানা বৃষ্টির কারণে বাতাসে থাকা ধুলাবালি কমে। ফলে সাময়িকভাবে বায়ুদূষণের মাত্রা কমে আসে।
একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শিশু, বয়স্ক ও শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিরা বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে
