আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে রেজাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি বিশেষ বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাত অবসানের বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানি আলোচকেরা মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পরপরই পুতিনের সাথে এই সাক্ষাতের আয়োজন করা হয়। ক্রেমলিন এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম—উভয় পক্ষই এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বৈঠক শেষে মোহসেন রেজাই জানান, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু, যুদ্ধোত্তর সময়কালীন রূপরেখা এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক স্বার্থে রাশিয়া থেকে ইরানে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়েও কথা বলেন উভয় নেতা। প্রস্তাবিত এই পাইপলাইনের মূল উদ্দেশ্য হলো একদিকে ইরানের অভ্যন্তরীণ গ্যাস সংকট নিরসন করা এবং অন্যদিকে রাশিয়ার জন্য ইরানের প্রতিবেশী দেশগুলোতে নিজেদের উৎপাদিত গ্যাস রপ্তানির নতুন পথ উন্মুক্ত করা।
বর্তমানে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কূটনৈতিক উদ্যোগগুলো মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ পরিস্থিতি, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর মতো মৌলিক বিষয়গুলোর ওপর আবর্তিত হচ্ছে। তবে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা চলতি সপ্তাহে জানান যে এসব বিষয়ে এখনও ওয়াশিংটন ও তেহরানের পারস্পরিক অবস্থানের ব্যবধান অনেক বেশি। এর আগে বুধবার এক লিখিত বিবৃতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে মাথা নত করার বিন্দুমাত্র মানসিকতা তেহরানের থাকবে না।
কূটনৈতিক অচলাবস্থা নিয়ে মস্কোর বৈঠকে পুতিনকে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছেন মোহসেন রেজাই। তিনি জানান, ওয়াশিংটনের কাছে তেহরান সাতটি সুনির্দিষ্ট শর্তের কথা জানিয়ে দিয়েছে। রেজাই সাফ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত এই সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়ন না করবে, ততদিন পর্যন্ত ইরান কোনো আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেবে না এবং বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে সংবেদনশীল হরমুজ প্রণালিও কোনো অবস্থাতেই উন্মুক্ত করবে না।
জেএ/অভি
