৪ কারিগরি খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার
ঢাকা: বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। একই সঙ্গে বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি’র সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কাতার এখন অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ জনশক্তি নিয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশও সেই চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত করছে।

মন্ত্রী জানান, চারটি খাত-  ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং- নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব খাতে দক্ষ বাংলাদেশি কর্মী নিতে কাতার আগ্রহ দেখিয়েছে।

বৈঠকে উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুই দেশের শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি জানান, কাতার ইমাম ও মুয়াজ্জিনসহ ধর্মীয় বিভিন্ন পেশায় আরও বেশি বাংলাদেশি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। নতুন চারটি কারিগরি খাতেও বাংলাদেশিদের জন্য সুযোগ বাড়তে পারে।

এদিকে বর্তমানে বাংলাদেশে কাতারের মাত্র একটি ভিসা সেন্টার রয়েছে। এতে কর্মীদের নানা ভোগান্তি হচ্ছে বলে বৈঠকে তুলে ধরা হয়। বাংলাদেশ আরও ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছে। কাতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে।

ভিসা প্রসেসিংয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জানা গেছে, দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠকে ভিসা সেন্টার সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

—জা. অর্থনীতি/এআইই