ইরান যুদ্ধ নিয়ে কানে মুখ খুললেন আসগর ফারহাদি

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানি নির্মাতা ও দুইবার অস্কারজয়ী পরিচালক আসগর ফারহাদি। তার সেই প্রত্যাবর্তন হয়েছে ‘রাজসিক’। এদিন নিজের নতুন চলচ্চিত্র ‘প্যারালেল টেলস’ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলার পাশাপাশি তিনি ইরানের যুদ্ধ, বিক্ষোভ ও সহিংসতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন, যা উৎসবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

কান উৎসবে এই পরিচালকের ফরাসি ভাষার ‘প্যারালাল টেলস’ সিনেমাটির প্রিমিয়ার হয়েছে গতকাল বৃহস্পতিবার (১৪ মে)। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন প্রায় সাড়ে ৫ মিনিট ধরে। সে সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি দুইবারের অস্কারজয়ী এই নির্মাতা, তিনি দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন। 

সংবাদ সম্মেলনে ফারহাদি জানান, যুদ্ধ ও রাজনৈতিক সহিংসতার ফলে নিরীহ মানুষের মৃত্যু তিনি গভীরভাবে অনুভব করেন। তিনি জানান, যুদ্ধের কারণে অনেক নিরীহ মানুষ, শিশু এবং সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। একইভাবে, যুদ্ধের আগেও বিক্ষোভে অংশ নেওয়া অনেক মানুষ নিহত হয়েছে, যারা প্রত্যেকেই নির্দোষ ছিলেন। 

তিনি বলেন, ‘এই দুই ধরনের ঘটনাই অত্যন্ত বেদনাদায়ক এবং কখনোই ভোলার নয়।’ 

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে উৎসবে প্রিমিয়ার হওয়া ‘প্যারালেল টেলস’ প্রদর্শনের পর ফারহাদি ও তার ফরাসি তারকাদের জন্য টানা সাড়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে করতালি দেন দর্শকরা। ছবিটিতে অভিনয় করেছেন ইজাবেল হুপার, ভার্জিনি এফিরা, ভাঁসাঁ ক্যাসেল, অ্যাডাম বেসা, পিয়ের নিনি ও ক্যাথরিন দ্যনুভ। 

ছবির কাহিনীতে সিলভি (হুপার) একজন লেখিকা, যিনি নতুন উপন্যাসের অনুপ্রেরণার জন্য রাস্তার ওপারে থাকা প্রতিবেশীদের গোপনে পর্যবেক্ষণ করেন। পরে তিনি তরুণ অ্যাডামকে (বেসা) তার দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য নিয়োগ দেন। কিন্তু সেই সম্পর্ক ধীরে ধীরে তার জীবন ও লেখালেখিকে উল্টে দেয়, যেখানে কল্পনা বাস্তবতাকে ছাড়িয়ে যায়। 

—জা. অর্থনীতি/এনএ