বিনোদন ডেস্ক: আগামীকাল মহান মে দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হয়। মহান মে দিবস উপলক্ষে এবারও দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় নাট্যদল আরণ্যক। পাশাপাশি শিশুতোষ নাটকের বিশেষ প্রদর্শনী নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে নাট্যদল বটতলা।
আগামীকাল ১লা মে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আরণ্যক-এর আয়োজনের প্রথম পর্ব। এতে থাকবে মে দিবসের গান, আবৃত্তি, বাউল সংগীত এবং একটি আলোচনা সভা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। একই পর্বে মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হবে।
এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুরু হবে দ্বিতীয় পর্ব। এখানে সংগীত পরিবেশনার পর মঞ্চে উঠবে আরণ্যক-এর জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এ আয়োজন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও প্রকাশিত হবে ‘মে দিবসের কাগজ’।
এবারের মে দিবস উপলক্ষে নিজের প্রত্যাশা জানিয়েছেন মামুনুর রশিদ। তিনি বলেন, ‘মে দিবসের প্রত্যাশা কেউ পূরণ করেনি। এবারের প্রত্যাশা শ্রমিক সংগঠনগুলো সারাদেশে জেগে উঠুক। যেভাবে আমরা দেখেছি ষাটের দশকে শ্রমিকদের সংগঠনগুলো শক্তিশালি ছিল এখন তো আর তেমন নেই। রাজনৈতিক দলগুলো এদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। শ্রমিক সংগঠনগুলো তাদের আগে শক্তি নিয়ে ফিরুক। সকলে শ্রমিকের স্বার্থ দেখুক। পহেলা বৈশাখে যেমন মানুষের ঢল নামে তেমনি মধ্যবিত্তকেও আহ্বান জানাবো শ্রমিকদের পক্ষে পহেলা মে তে সকলেই নামুক।’
—জা. অর্থনীতি/এনএ
