জাতীয় অর্থনীতি স্পোর্টস: ব্রিটিশ নাগরিকত্ব অর্জনের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার খেলার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে নানা খবর থাকলেও তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইপিএলে অংশ নেওয়ার কোনো পরিকল্পনাই তার নেই।
সম্প্রতি ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর আমির আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করায় তার আইপিএল খেলার গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে এবং ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে আমির নিশ্চিত করেছেন যে, আইপিএল নিয়ে সম্প্রতি যেসব খবর ছড়াচ্ছে তা সত্যি নয় এবং তিনি আইপিএলের নিলামে নামও তুলবেন না।
উল্লেখ্য, রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের প্রথম আসরের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ রয়েছে। যদিও অতীতে আজহার মেহমুদের মতো কিছু খেলোয়াড় ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন, তবুও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া আমির আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেললেও আইপিএলে যোগ দেওয়ার সব জল্পনা নিজেই থামিয়ে দিলেন।
জা. অর্থনীতি/এআর
