জাহ্নবী বললেন ‘এ লজ্জা সারাজীবন বয়ে বেড়াব’

জাতীয় অর্থনীতি বিনোদন: স্পোর্টস-অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’ চলচ্চিত্রে নিজের চরিত্রের অতি যৌনায়ন ও বিতর্কিত দৃশ্য নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে তিনি স্বীকার করেন, সিনেমাটিতে তার চরিত্রটি আপত্তিকর ছিল এবং এতে না জেনেই যৌন হেনস্তাকে একপ্রকার পরোক্ষ ইন্ধন দেওয়া হয়েছিল।

গত জুনে বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই জাহ্নবীর চরিত্রকে মাত্রাতিরিক্ত আবেদনময়ী হিসেবে উপস্থাপনের অভিযোগে তোপের মুখে পড়েন নির্মাতারা। দর্শক সমালোচনার মুখে একপর্যায়ে পরিচালক ক্ষমা চেয়ে চলচ্চিত্রে কিছু পরিবর্তনও আনেন। তবে সম্প্রতি করণ জোহরের মুখোমুখি হয়ে জাহ্নবী জানান, পুরো বিষয়টি তার বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

জাহ্নবী বলেন, “নারী হিসেবে এই ধরনের গল্প সমাজে যে নেতিবাচক প্রভাব ফেলে, তার লজ্জা আমি সারাজীবন বহন করব। আমার আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল। প্রযোজক ও পরিচালকের নির্দেশনায় কাজ করলেও নিজের প্রভাব ব্যবহার করে এগুলো আটকানো উচিত ছিল।” বিষয়টিকে এক প্রকার ‘লজ্জাজনক ও মানসিক আঘাতের’ অভিজ্ঞতা আখ্যা দিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো পরিচালক নারী চরিত্র রূপায়ণে এমন ভুল করার আগে অন্তত দু’বার ভাববেন।

জা. অর্থনীতি/এআর