জাতীয় অর্থনীতি স্পোর্টস: নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে গুরুতর চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।
সোমবার (২৬ অক্টোবর) নেটে অনুশীলনের সময় হঠাৎ বলের আঘাতে ডান হাতের আঙুল থেঁতলে যায় মুশফিকের। প্রাথমিক চিকিৎসা ও এক্স-রে’তে বড় কোনো হাড়ের ফাটল ধরা না পড়লেও, পরদিন সকালে আঙুলের অবস্থার উন্নতি না হওয়ায় ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, এটি মূলত একটি ‘কনটিউশন ইনজুরি’। সঠিক চিকিৎসায় আগামী তিন দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ফলে আগামী ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তার মাঠে ফেরার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
মিরপুরে মুশফিকের মতো অভিজ্ঞ তারকার অনুপস্থিতি বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা হলেও তরুণ তাওহিদ হৃদয়ের সামনে এটি নিজেকে প্রমাণ করার দারুণ এক সুযোগ। প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দল ভালো অবস্থানে থাকলেও মুশফিকের দ্রুত সুস্থ হয়ে পরবর্তী ম্যাচে ফেরাটাই এখন দলের প্রধান প্রত্যাশা।
জা. অর্থনীতি/এআর
