৭ টাকার লটারিতে কোটি টাকা পেলেন শ্রমিকের স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: সংসারের অভাব-অনটন দূর করে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতেন পাঞ্জাবের বিমলা দেবী। স্বামী শ্রমিকের কাজ করে যে আয় করেন, তা দিয়ে পরিবারের খরচ চালানো ছিল বেশ কঠিন। তবে মাত্র সাত টাকার একটি লটারি টিকিট বদলে দিয়েছে তাদের জীবনের হিসাব। ওই টিকিটেই এক কোটি টাকার পুরস্কার জিতেছেন বিমলা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের কোটকাপুরার বাসিন্দা বিমলা সন্তানদের জন্য পোশাক কিনতে গিয়ে লটারির টিকিটটি কেনেন। রেলস্টেশনের কাছের একটি লটারির দোকান থেকে টিকিটটি কিনেছিলেন তিনি। সামান্য অর্থ ব্যয় করে কেনা টিকিটটি যে তাকে কোটি টাকার মালিক করে তুলবে, তা কল্পনাও করেননি বিমলা।

লটারির ফলাফল প্রকাশের পর দোকানের পরিচালকের কাছ থেকে সুখবর পান তিনি। ফোন করে তাকে জানানো হয়, সিকিম সরকার আয়োজিত একটি লটারিতে তিনি এক কোটি টাকা জিতেছেন। খবরটি পেয়ে বিমলা ও তার পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। পরে তারা লটারির দোকানে গিয়ে পুরস্কার জয়ের আনন্দ ভাগ করে নেন। দোকানের মালিকও তাঁদের মিষ্টিমুখ করান।

বিমলা জানিয়েছেন, এই অর্থ তাদের পরিবারের দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ তৈরি করেছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন তারা।

তবে পুরস্কারের টাকা কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বিমলা ও তার পরিবার। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ছোট একটি ব্যবসা শুরু করার কথাও ভাবছেন তারা।

জা.অর্থনীতি/এসআই