অর্থনৈতিক সম্পর্ক জোরদারে স্পেন-যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) শুরু হতে যাওয়া এ সফর চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরের প্রথম পর্যায়ে স্পেনের সেভিলে যাবেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য ‘শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’।

এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ অংশীদারত্ব তৈরির সুযোগ অনুসন্ধান করা হবে।

স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

যুক্তরাজ্যে তাঁর কর্মসূচিতে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা খুঁজে দেখার বিষয়গুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সফরের মাধ্যমে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে।

জা.অর্থনীতি/এসআই