ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে জয়ী মোহামেডান

জাতীয় অর্থনীতি স্পোর্টস: বাংলাদেশ ফুটবল লিগে দুর্দান্ত ফর্ম বজায় রেখে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে মোহামেডান। ম্যাচের ২৯ মিনিটে সুলেমান দিয়াবাতের সহায়তায় নিখুঁত শটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন শাহরিয়ার ইমন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ইমনের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। এর চার মিনিট পরই দিয়াবাতের জোগানে মোজাফফর চমৎকার গোল করলে ম্যাচ সম্পূর্ণ মোহামেডানের নিয়ন্ত্রণে চলে আসে। ৮৬ মিনিটে আরিফ হোসেন চতুর্থ গোলটি করে ওয়ান্ডারার্সের বড় হার নিশ্চিত করেন।

এই জয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। অন্য ম্যাচে মানিকগঞ্জে পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পুলিশ এফসি। আবার আরামবাগকে ৪-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে সিটি ক্লাব।

জা. অর্থনীতি/এআর