২০২৭ শিক্ষাবর্ষে নতুন চার বই, গুরুত্ব পাবে হাতে-কলমে শিক্ষা

অনলাইন ডেস্ক: মুখস্থনির্ভর পড়াশোনার বাইরে গিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও বাস্তবমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন চারটি বই যুক্ত হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে বইগুলো প্রণয়ন করা হয়েছে।

নতুন বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। আগামী ২৫ অক্টোবর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। অনুমোদনের পর প্রায় দেড় কোটি কপি বই মুদ্রণের জন্য পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানান, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার, পারিবারিক সংস্কৃতি ও কর্মদক্ষতা বিকাশের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইয়ে বিভিন্ন খেলার নিয়ম, আত্মরক্ষার কৌশল, প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি বিষয়ে পাঠ থাকবে। ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ে তুলে ধরা হবে দেশের ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইয়ে আনন্দময় ও ভীতিমুক্ত পরিবেশে শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ‘আমার কারিগরি শিক্ষা’ বইয়ে প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধান এবং হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মাদ আবু নাসের টুকু আশা প্রকাশ করেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বই মুদ্রণের কাজ শেষ হবে।

পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী সময়ে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় দুটি প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং বাকি দুটি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

জা.অর্থনীতি/এসআই