মদ খেয়ে চেয়ারে উল্টে পড়ে ছিল পুলিশের হেড কনস্টেবল

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশের চিত্রকূটে পুলিশের এক হেড কনস্টেবলের অস্বাভাবিক ভঙ্গিতে পড়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মদ্যপ অবস্থায় দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ বিভাগ। একই সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি গত ১৯ অক্টোবরের। চিত্রকূটের প্রয়াগরাজ জাতীয় সড়কের পাশে একটি দোকানে চেয়ারটির ওপর অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই পুলিশকর্মীকে। তার মাথা ছিল নিচের দিকে, আর পা ছিল ওপরের দিকে। এমন দৃশ্য দেখে এক পথচারী জরুরি সেবা নম্বর ১১২-তে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত হেড কনস্টেবলের নাম দীপক প্রকাশ বর্মা। এর আগেও মদ্যপ অবস্থায় দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবার ভিডিওটি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিত্রকূটের পুলিশ সুপার অরুণকুমার সিং তাকে সাময়িক বরখাস্ত করেছেন। পাশাপাশি ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে। পুলিশ কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের আচরণ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।

সাংবাদিক দিনেশ রাজপুতের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ কনস্টেবলের আচরণের সমালোচনা করেছেন, আবার অনেকে মন্তব্য করেছেন হাস্যরসাত্মক ভঙ্গিতে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

জা.অর্থনীতি/এসআই