জাতীয় অর্থনীতি স্পোর্টস: ফুটবল শব্দটির সঙ্গে যার নাম সবচেয়ে নিবিড়ভাবে মিশে আছে, তিনি সর্বকালের সেরা কিংবদন্তি ‘ফুটবলের রাজা’ পেলে। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গেরাইসের ট্রেস কোরাসেস-এ জন্মগ্রহণ করেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো। জন্মদিনে এই মহাতারকার অবিশ্বাস্য সৃজনশীলতা ও মাঠের অবিস্মরণীয় কীর্তিকে আরও একবার পরম শ্রদ্ধায় স্মরণ করছে বিশ্ব ক্রীড়াঙ্গন।
বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসনের নামানুসারে রাখা 'এডসন আরান্তেস দো নাসিমেন্তো' নামটি বন্ধুদের ক্ষ্যাপানো থেকে ছোট হয়ে হয়ে উঠেছিল 'পেলে'। পরবর্তীতে সেই নামটিই ফুটবলের সমার্থক হয়ে ওঠে। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় এবং হাজারেরও বেশি গোল করলেও, পেলের আসল জাদু ছিল তার অভাবনীয় উদ্ভাবনী শক্তিতে। মাঠে কঠিন পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও চোখধাঁধানো কৌশল প্রয়োগে তিনি ছিলেন অনন্য। ১৯৬০-এর দশকের কঠিন শারীরিক ফুটবলের যুগেও তিনি বল পায়ে সৌন্দর্য ও আনন্দ ছড়িয়ে গেছেন।
১৯৭০ বিশ্বকাপের ম্যাচে চেকোস্লোভাকিয়া কিংবা উরুগুয়ের বিপক্ষে তার নেওয়া অবিশ্বাস্য সিদ্ধান্তগুলো আজও ফুটবলপ্রেমীদের মানসপটে ভাস্বর। ফুটবলকে শুধু খেলায় সীমাবদ্ধ না রেখে ‘দ্য বিউটিফুল গেম’ বানিয়ে গণমানুষের উৎসবে পরিণত করেছিলেন তিনি। বিশ্ব ফুটবলে অপরিসীম অবদান ও কালজয়ী প্রভাবের কারণে পেলের নাম ক্রীড়াজগতে যুগে যুগে অমর হয়ে থাকবে।
জা. অর্থনীতি/এআর