ইয়েমেনের সামরিক ক্যাম্পে হামলার দাবি হুতিদের

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় নগরীর বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানকার একটি সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

বুধবার (২১ অক্টোবর) এডেনের এক পুলিশ কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এই এডেন শহর।

ইয়েমেনের তাইজ থেকে আল জাজিরার প্রতিনিধি মহা আলী জানান, হুথি গোষ্ঠী এডেন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তারা এডেনের বদর ক্যাম্পে অবস্থিত সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অপারেশন কক্ষে এই হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, আমাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি সরাসরি ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

—জা.অর্থনীতি/জেআরটি