জাতীয় অর্থনীতি ডেস্ক: আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জন, দেবীবরণ ও বিবাহিত নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সমাপ্ত হচ্ছে।
পাঁচ দিনের আনন্দ-উৎসব ও পূজা-অর্চনা শেষে বুধবার (২১ অক্টোবর) দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।
বিজয়া দশমীর এই দিনে দেশের প্রতিটি পূজামণ্ডপে বাজছে বিষাদের সুর। আনন্দঘন পরিবেশের ইতি টেনে দেবী দুর্গাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মন ভারাক্রান্ত।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমী দেবী দুর্গার আরাধনার একটি গুরুত্বপূর্ণ তিথি। শাস্ত্রীয় আচার অনুসারে এদিন বিশেষ পূজা, যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তরা দেবীর কাছে অশুভ শক্তির বিনাশ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
এদিকে নিরাপত্তা ও শৃঙ্খলার কথা মাথায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে। দেবী দুর্গাকে বিদায় জানানোর এই ক্ষণে ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে—‘আসছে বছর আবার হবে’।
—জা.অর্থনীতি/এনজে