পাবনায় মহাষষ্ঠীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষে পাবনা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। 

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তিনি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাবনা পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পাবনার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ বছর জেলায় ৩৬৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পাবনা সদরে ৫৩টি, ঈশ্বরদী উপজেলায় ৩৫টি, আটঘড়িয়ায় ১৭টি, চাটমোহরে ৫৪টি, ভাঙ্গুড়ায় ২১টি, বেড়ায় ৬৩টি, ফরিদপুরে ১৮টি, সাঁথিয়ায় ৪৫টি এবং সুজানগর উপজেলায় ৫৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি