এলিগেন্সের মঞ্চে সেরার মুকুট সুমি, বিথি ও অরিত্রির

বিনোদন ডেস্ক: সৌন্দর্য, মেধা ও আত্মবিশ্বাসের অনন্য মেলবন্ধনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে এই প্রতিযোগিতার।

কঠোর বাছাই ও দীর্ঘ গ্রুমিং সেশন পেরিয়ে মিস ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়ে বিজয়ের মুকুট পরেন সুমি রানি। এই বিভাগে প্রথম রানারআপ রওনক তাসনিম ঐশী এবং দ্বিতীয় রানারআপ সাবরিনা নাহার মহিমা।

অন্যদিকে মিসেস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন ফারহানা হোসেন বিথি। এ বিভাগে প্রথম রানারআপ জন্নাতুল ফেরদৌস কেয়া এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন সায়মা হাসিবা অপূর্ব।

আয়োজনে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’ খেতাব জয় করেন নওরিন নাওয়ার অরিত্রি। চলচ্চিত্র অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও মডেল-অভিনেতা অন্তু করিমের মতো তারকারা বিচারকের দায়িত্ব পালন করেন। 

আয়োজকরা এই মঞ্চের বিজয়ীদের নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের সুবিধাসহ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের আশা প্রকাশ করেন।

জা. অর্থনীতি/এআর