পরোটা বানাতে গিয়ে বেজে উঠল স্মোক অ্যালার্ম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে পরোটা তৈরি করতে গিয়ে স্মোক অ্যালার্ম বেজে ওঠার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর রীতু গুপ্তা। রান্নার সময় তৈরি হওয়া ধোঁয়ায় অ্যালার্ম সক্রিয় হওয়ার পুরো ঘটনা তিনি একটি ভিডিওতে তুলে ধরেছেন। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা গেছে নানা প্রতিক্রিয়া।

ভারতীয়দের কাছে পরোটা অত্যন্ত পরিচিত খাবার। তবে যুক্তরাষ্ট্রের অ্যাপার্টমেন্টে এই খাবার তৈরি করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন রীতু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, তিনি চাটুতে পরোটা তৈরি করছেন। রান্নার একপর্যায়ে ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়লে হঠাৎ বেজে ওঠে স্মোক অ্যালার্ম।

ভিডিওটির শুরুতে রসিকতা করে রীতু ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রে পরোটা তৈরি করলেই ফায়ার ডিপার্টমেন্ট চলে আসতে পারে। অ্যালার্ম বেজে ওঠার পর তাকে দ্রুত ঘরের ধোঁয়া বের করার চেষ্টা করতে দেখা যায়।

রীতুর অভিজ্ঞতা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অ্যাপার্টমেন্টে স্থাপিত স্মোক অ্যালার্ম ধোঁয়া শনাক্ত করলে দ্রুত সক্রিয় হয়ে ওঠে। ফলে ভারতীয় খাবার রান্নার সময় তৈরি হওয়া ধোঁরাও কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

ভিডিওটি প্রকাশের পর অনেকে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে ঘটনার মিল খুঁজে পেয়েছেন। কেউ কেউ অগ্নিনিরাপত্তাব্যবস্থার দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। আবার অনেকে মজার ছলে মন্তব্য করেছেন, ভারতে পরোটা তৈরির সময় সাধারণত এমন পরিস্থিতির মুখে পড়তে হয় না।

পরিচিত একটি খাবার রান্না করতে গিয়ে এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

জা.অর্থনীতি/এসআই