আন্তর্জাতিক ডেস্ক: জার্মান বংশোদ্ভূত হেলগা বর্তমানে যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজেস এলাকার একটি কেয়ার হোমে থাকেন। বার্ধক্যেও তার এমন দুঃসাহসিক কর্মকাণ্ড দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা।
উইং ওয়াকিং হলো উড়ন্ত বিমানের ডানায় অবস্থান করে বিশেষ কৌশলে রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার একটি খেলা। সম্প্রতি গ্লস্টারশায়ারের সাইরেন্সেস্টারের আরএফসি রেন্ডকম্ব এয়ারফিল্ডে এই কীর্তি গড়েন হেলগা। একটি ছোট দুই ডানাবিশিষ্ট বিমানের ওপরের ডানায় তাকে নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে বেঁধে দেওয়া হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হলুদ ও উজ্জ্বল কমলা রঙের পোশাক, গোলাপি দস্তানা এবং চোখে সুরক্ষাচশমা পরে বিমানের ডানায় অবস্থান করছেন তিনি। উড়ান শুরুর আগে তাঁকে হাততালি দিতেও দেখা যায়। এরপর বিমানটি আকাশে উড়লে নিচে বিস্তীর্ণ মাঠঘাট রেখে আনন্দের সঙ্গে পুরো অভিজ্ঞতা উপভোগ করেন হেলগা।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় আট মিনিট আকাশে ছিলেন তিনি। এই রেকর্ড গড়তে অন্তত পাঁচ মিনিট উড়ন্ত বিমানের ডানায় অবস্থান করার শর্ত ছিল। সেই সময়সীমা অনায়াসেই অতিক্রম করেন তিনি। উড়ান শেষে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ হাতে দেখা যায় তাকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার এই অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রায় দুই লাখবার দেখা হয়েছে। অনেকেই হেলগার সাহসের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ওই বয়সে বেঁচে থাকলেও হাঁটুর ব্যথায় কাবু থাকতে পারেন তিনি।
জা.অর্থনীতি/এসআই