নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) হালনাগাদ করতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ–সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের ডেটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন কাঠামো উন্নীত করা হবে। এ জন্য ব্যাংকটির কোর ব্যাংকিং সিস্টেমের অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ১১জি থেকে ১২সি এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ওরাকল ১১জি থেকে ১৯সি সংস্করণে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ অনুমতি দিয়েছে।
—জা.অর্থনীতি/আরএস