আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তারাবা রাজ্যের বিন্নারি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর গ্রামটিতে হামলা চালানো হয়। হামলা থেকে বেঁচে যাওয়া বাসিন্দারা জানান, বন্দুকধারীরা গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। প্রাণ বাঁচাতে বাসিন্দারা বিভিন্ন দিকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা সাইদু নুহুর দাবি, হামলাকারীরা চলে যাওয়ার পর গ্রামবাসীরা ২০টির বেশি মরদেহ দেখতে পান। এ সময় কয়েকজন নিখোঁজ ছিলেন। স্থানীয় সম্প্রদায়ের নেতা মালাম আবুবকর সাইফুল্লাহি জানান, প্রায় ৫০টি মোটরসাইকেলে করে হামলাকারীরা গ্রামে প্রবেশ করে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ব্যক্তি ছিলেন।
হামলার পাশাপাশি বিভিন্ন দোকানে লুটপাট চালানো হয়। হামলাকারীরা নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়া পালিয়ে যাওয়ার সময় বাসিন্দাদের ফেলে যাওয়া মোটরসাইকেলও লুট করা হয়।
নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা চলছে। উত্তর-পূর্বাঞ্চলে জিহাদি বিদ্রোহীদের পাশাপাশি উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে সশস্ত্র ডাকাত দল সক্রিয়। এসব গোষ্ঠী গ্রামে হামলা, অপহরণ ও জোরপূর্বক অর্থ আদায়ের মতো অপরাধে জড়িত।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার মতে, অপরাধীদের বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষের ব্যর্থতা দেশটিতে সহিংসতা ও দায়মুক্তির প্রবণতা বাড়াচ্ছে।
জা.অর্থনীতি/এসআই