কৃতি শ্যানন ফিরছেন হরর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ভক্তদের জন্য বড় সুখবর। এবার ভৌতিক ও থ্রিলার দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন এই তারকা। জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের বিগ বাজেটের নতুন হরর চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে কেমন হবে কৃতির রূপ তা নিয়ে এরইমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে বলিউডমহলে।

এনডিটিভির ভাষ্যমতে, ম্যাডক ফিল্মস তাদের জনপ্রিয় ‘হরর-কমেডি’ ঘরানার জন্য পরিচিত হলেও, সূত্র মারফত জানা গেছে, এই ছবিটি হবে সম্পূর্ণ এক নিখাদ ভীতিপ্রদ বা পিওর হরর ফিল্ম। এই প্রথম এমন ঘরানার বড় প্রজেক্টে হাত দিচ্ছে প্রযোজনা সংস্থাটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মিমি’ সিনেমার পর ম্যাডকের অধীনে এটি কৃতির দ্বিতীয় একক প্রধান চরিত্রে কাজ।

ছবিটির নাম ও গল্প এখনো প্রকাশ না করা হলেও জানা গেছে, ‘ককটেল ২’ এবং ‘তেরে ইশ্‌ক মে’ সিনেমায় প্রশংসিত পারফর্ম্যান্সের পর নতুন ধারার চরিত্রে নিজেকে উন্মোচিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কৃতি।

এর আগে রাবতা, বেরেলি কি বারফি, লুকা ছুপি, অর্জুন পাটিয়ালা, মিমি ও ভেড়িয়া ছবিতে ম্যাডকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তথ্যমতে, প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে এটি কৃতির নবম কাজ।

সিনেমাটির বিশাল ক্যানভাস ও কৃতির নতুন রূপ দেখতে এখন মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।

জা. অর্থনীতি/এআর