আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বিজনর জেলায় নির্ধারিত শব্দসীমার চেয়ে বেশি আওয়াজে লাউডস্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সংশ্লিষ্ট মসজিদের মাইকও জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার নাজিবাবাদে একটি অভিযোগ শুনানি অনুষ্ঠানে যাওয়ার পথে জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই মহল্লা মাকবারা এলাকায় মসজিদ থেকে উচ্চস্বরে আজানের শব্দ শুনতে পান বলে অভিযোগ ওঠে। পরে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার মালিক মসজিদে গিয়ে মাইক জব্দ করেন এবং মুয়াজ্জিন ফাইজানকে আটক করেন। পরে উপপরিদর্শক সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। শান্তিভঙ্গের অভিযোগেও আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়ের মাইক অনুমোদিত শব্দসীমার মধ্যে ব্যবহারের বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে বিজনর জেলায় অভিযান চালিয়ে মসজিদ, মন্দির ও গুরুদুয়ারা থেকে মোট ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, সরকার ও আদালতের নির্দেশনা বাস্তবায়নে শব্দদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জা.অর্থনীতি/এসআই
