চীনের সমালোচনা করার পর্যাপ্ত সাহস ভারত সরকারের নেই :  ধ্রুব রাঠি

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির আগেই নানা জটিলতার মধ্যে পড়েছে। গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবির চিত্রনাট্য থেকে ভারত-চীন সম্পর্কের অবনতি এড়াতে বেশ কিছু চীন-বিরোধী প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

রবিবার (১১ অক্টোবর) দিল্লির এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন, ‘ছবিটিতে চীনের সমালোচনা করার মতো পর্যাপ্ত সাহস ভারত সরকারের নেই। যার ফলে বাধ্য হয়েই নতুন করে সিনেমাটির চিত্রনাট্য সাজাতে ও রি-শুট করতে হয়েছে।’

তার মতে, চীন, আমেরিকা কিংবা ইলন মাস্কের মতো শক্তির সামনে ভারত সরকার সবসময় এক ধরণের ভীতি কাজ করায়।

ধ্রুব রাঠির এমন মন্তব্যের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শুরু হয় আলোচনা ও সমালোচনা। তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে কয়েকজন ব্যবহারকারী সিনেমাটির কথিত পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে একজন প্রশ্ন তোলেন, ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনা ঘটলেও চীনের নাম উল্লেখ করা যাবে না কি না। অন্য একজনের দাবি, এসব কারণেই সালমান খান সিনেমাটি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

অন্যদিকে সালমান খানের একটি ফ্যান পেজ থেকেও ধ্রুব রাঠির বক্তব্যের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়, সালমান খান নিজে এ বিষয়ে মুখ না খুললেও ধ্রুব রাঠি সিনেমাটি নিয়ে যথাযথ বক্তব্য দিয়েছেন বলে তারা মনে করেন।

তবে সমস্ত রাজনৈতিক বিতর্ক ও আপত্তি পেরিয়ে অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়পত্র পেয়ে গেছে সালমানের এই সিনেমা।

বলিউড সূত্রের খবর, ছবিটির সংশোধিত সংস্করণে চীন বা সরাসরি গালওয়ান সংঘাতের নামোল্লেখ বাদ দিয়ে বরং রোম্যান্টিক দৃশ্য ও অন্য উপাদান যোগ করা হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ইতিবাচকভাবে তুলে ধরে এমন বার্তাই ঠাঁই পেয়েছে শেষ অব্দি। জানা গেছে এর আগে ছবিটির নাম ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হয়েছিল।

জা. অর্থনীতি/এআর