জাতীয় অর্থনীতি সারাবাংলা: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার এক নিরাপত্তা কর্মীর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোছা. হামিদা খাতুন (৬৫), লাভলী পারভীন (৩৮) এবং মো. আব্দুল গফুর (৪৩)। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল গফুর জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শনিবার রাতে স্থানীয় আবাদের হাট বাজার থেকে ইন্দারা গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা তার আপন সেজ ভাই পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উদীয়মান কিশোর গ্যাংয়ের ৬-৭ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার সময় আব্দুল গফুর পাকা রাস্তার পাশের ড্রেনে পড়ে গেলে তার আর্তচিৎকারে মা হামিদা খাতুন ও স্ত্রী লাভলী পারভীন এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারধর করা হয়।
হামলায় আব্দুল গফুরের মাথা লোহার রডের আঘাতে ফেটে যায় এবং বাম হাতের দুই আঙুল ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জামিরুল জানান, জমি সংক্রান্ত বিরোধ ও মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি