আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের একটি চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দেওয়ার পর প্রাণীটির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার কিছু পর ওই ব্যক্তি বাঘের খাঁচায় প্রবেশ করেন। এ সময় বাঘটি তাঁর ওপর হামলা চালায়। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খাঁচার ভেতরে বাঘটিকে ওই ব্যক্তির ওপর আক্রমণ করতে দেখা গেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
পুলিশ জানায়, বাঘের আক্রমণে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। তবে ঘটনার পর বাঘটিও আহত হয়েছে বলে ছড়ানো গুজব নাকচ করেছে কর্তৃপক্ষ। বাঘটি অক্ষত রয়েছে এবং খাঁচার ভেতরেই আছে। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য নতুন কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার মর্মান্তিক ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, খাঁচার ভেতরে গুরুতর একটি ঘটনা ঘটেছে। জরুরি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত ঘটনা জানতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পার্কটি।
২০০৯ সালে চালু হওয়া এই পার্কে ২০১১ সালে ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ আকর্ষণ চালু হয়। এটি বিপন্ন প্রজাতির আমুর বাঘের জন্য তৈরি প্রায় দুই একরের একটি সংরক্ষিত এলাকা।
জা.অর্থনীতি/এসআই