আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত প্রায় ৪৮ কোটি ৯০ লাখ ডলার ব্যয়ে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি অনুমোদন করেছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং ড্রোন হামলার হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ব্রিটিশ সরকার এ চুক্তির বিষয়টি ঘোষণা করে। চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান মার্স (MARSS) কুয়েতকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান মার্স অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ইওএসের মালিকানাধীন। সরবরাহ করা প্রতিরক্ষা ব্যবস্থায় থাকবে ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি, রাডার, আকাশ প্রতিরক্ষায় ব্যবহারের জন্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র।
এই ব্যবস্থার মাধ্যমে ড্রোন শনাক্ত করা, সেগুলোর কার্যক্রমে বাধা দেওয়া এবং সম্ভাব্য হামলা প্রতিহত করার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে চুক্তিটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাজ্যের বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতার অংশ এই চুক্তি। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বিভিন্ন দেশে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও যুদ্ধবিমান সরবরাহ করে আসছে ব্রিটেন।
চুক্তিটির ফলে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রিস্টলে মার্সের উৎপাদনকেন্দ্রে প্রকৌশল ও উৎপাদন খাতে প্রায় ১০০টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
জা.অর্থনীতি/এসআই