‘পিটের আইনি কৌশল হয়রানিমূলক’

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় দুই তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিটের মধ্যকার দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। ফ্রেঞ্চ ওয়াইনারি ‘শাতেউ মিরাভাল’ সংক্রান্ত বিরোধের অংশ হিসেবে অ্যাঞ্জেলিনা জোলির গোপন আর্থিক নথিপত্র চাওয়ার বিষয়ে ব্রাড পিটের সাম্প্রতিক আইনি প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন জোলির আইনজীবী পল মারফি। পিটের এমন কান্ডকে জোলিকে হেনস্তা ও নিয়ন্ত্রণের একটি অপচেষ্টা বলে অভিহিত করেছেন তিনি। 

সম্প্রতি আদালত ব্রাড পিটের সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছেন যে, পিটের পক্ষ থেকে জোলির গোপনীয়তা ক্ষুণ্ন করার মতো যথেষ্ট কারণ দেখানো হয়নি। এর আগে জোলির আইনি দল অভিযোগ করেছিল যে, মিরাভাল ওয়াইনারি থেকে জোলির বের হয়ে যাওয়াকে লিভারেজ বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার ওপর অপব্যবহারের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য গোপনীয়তা চুক্তি বা এনডিএ স্বাক্ষরে বাধ্য করার চেষ্টা করেছিলেন পিট।

অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবী পল মারফি এক বিবৃতিতে আরও স্পষ্ট করেছেন যে, এই মামলাটি মূলত ওয়াইনারি ও ব্যবসা সংক্রান্ত, ৫ বছর আগের ব্যক্তিগত বা গোপন আয় সংক্রান্ত নয়। ব্রাড পিটের এই ধরনের নাছোড়বান্দা ও হয়রানিমূলক দাবি প্রমাণ করে যে তিনি কেবল এই মামলার বয়ান বা ন্যারেটিভ নিজের নিয়ন্ত্রণে রাখতে চান।

এই দীর্ঘ আইনি লড়াইয়ে উভয় তারকার মধ্যকার দ্বন্দ্বের অবসান কবে ঘটবে, তা নিয়ে বিশ্বজুড়ে বিনোদন দুনিয়ায় আলোচনা চলছে। 

জা. অর্থনীতি/এআর