ভাড়া না দিয়ে উধাও ভাড়াটিয়া, ঘরে মিলল জাল নোটের কারখানা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ জাল নোট ও টাকা ছাপানোর যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। বাসাটিতে ৫০০ রুপির জাল নোট তৈরি করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

অভিযুক্তের নাম পুষ্পককৃষ্ণ ভাণ্ডারকর, ওরফে বেন্দানে। তিনি নাগপুরের ত্রিমূর্তি নগরের বাসিন্দা। প্রায় দেড় বছর আগে খারবি এলাকায় একটি বাসা ভাড়া নেন তিনি। বাড়ির মালিকের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন পুষ্পক। তাকে বাসা ছেড়ে দিতে বললে ছুরি দেখিয়ে হুমকিও দেন তিনি। এ ঘটনায় ওয়াথদা থানায় অভিযোগ করেছিলেন বাড়ির মালিক।

এরপর দীর্ঘদিন ওই বাসায় না ফেরায় শনিবার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বাড়ির মালিক। সেখানে একটি বালতির মধ্যে ৫০০ রুপির জাল নোটের কয়েকটি বান্ডিল দেখতে পান তিনি। এ ছাড়া মেঝেতে ছাপার কাগজ এবং ঘরের এক কোণে টাকা ছাপানোর যন্ত্র পড়ে ছিল। পরে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ওয়াথদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। নোট গণনার যন্ত্র ব্যবহার করে প্রাথমিক হিসাবে ৩৭ লাখ রুপির জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি কিছু অসম্পূর্ণ জাল নোট ও টাকা ছাপানোর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা সামগ্রীর মূল্য প্রায় ৪৮ লাখ রুপি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধান চলছে। তদন্তকারীরা তার সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, তিনি মুম্বাইয়ে রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য শিগগিরই পুলিশের একটি দল সেখানে পাঠানো হবে বলে জানা গেছে।

জা.অর্থনীতি/এসআই