মিরসরাইয়ে ডাকাত জাহাঙ্গীর গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামি ও আন্তঃউপজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য মো. হানিফ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হানিফ জাহাঙ্গীর করেরহাট ইউনিয়নের গেড়ামারা সাইবেনিখীল এলাকার মুছা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সম্প্রতি দায়ের হওয়া ডাকাতির প্রস্তুতি মামলা ছাড়াও সিএনজিচালিত অটোরিকশা চুরিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ করেরহাট বাজারে অভিযান চালিয়ে গত ১ অক্টোবর পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় রুজুকৃত মামলায় (মামলা নম্বর: ৫) এজাহারনামীয় আসামি হানিফ জাহাঙ্গীরকে আটক করে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, বারইয়ারহাট-রামগড় সড়কে দীর্ঘদিন ধরে সংঘটিত ডাকাতি ও ছিনতাইয়ের অন্যতম মূল হোতা এই জাহাঙ্গীর। অতি সম্প্রতি উক্ত সড়কের নয়টিলা মাজার এলাকা থেকে তিনজন ডাকাতকে স্থানীয় যুবদল নেতা নূর উদ্দিনের অনুসারীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেপ্তারকৃত হানিফ জাহাঙ্গীরও উক্ত যুবদল নেতার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বারইয়ারহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার থেকে কয়লা সীমান্ত এলাকা পর্যন্ত পথচারী ও যাত্রীবাহী যানবাহনে ডাকাতি প্রতিরোধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পূর্বেও স্থানীয়দের সহায়তায় ডাকাত সদস্যদের আটক করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে এবং ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি