সিলেট প্রতিনিধি: বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে টেকসই নগরায়ণ, পরিবেশবান্ধব আবাসন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্থপতি সুব্রত দাসের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশিষ্ট আর্কিটেক্ট-প্ল্যানার সৈয়দা জেরিনা হোসাইন, স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ এবং সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদসহ নগর পরিকল্পনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সেমিনারে মুখ্য বক্তা হিসেবে বিষয়ভিত্তিক নিবন্ধ ও কারিগরি মতামত উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ সাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. নাহিয়ান, অধ্যাপক ইফতেখার রহমান ও অধ্যাপক ড. মুস্তাক আহমদ।
বক্তারা তাদের আলোচনায় সিলেটের ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগর সম্প্রসারণের সাথে সামঞ্জস্য রেখে টেকসই ও সমন্বিত নগর পরিকল্পনা, সবার জন্য নিরাপদ ও সর্বজনীন আবাসন নিশ্চিতকরণ, জলাশয় ও পরিবেশ সংরক্ষণ, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও আধুনিক নগর গড়ে তোলার বিভিন্ন দিক গুরুত্বের সাথে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “একটি পরিকল্পিত, নান্দনিক, পরিবেশবান্ধব ও টেকসই সিলেট নগরী গড়ে তুলতে সিউক সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান নিয়ে এগোচ্ছে। নগর উন্নয়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, প্রকৌশলী, স্থপতি ও স্থানীয় অংশীজনদের গঠনমূলক মতামত ও সুচিন্তিত পরামর্শকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
উক্ত সেমিনারে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিক সমাজসহ বিপুলসংখ্যক প্রতিনিধি অংশ নেন।
—জা. অর্থনীতি/এলএটি