বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের খবর নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে একাধিক তারকা দম্পতির বিচ্ছেদের খবরের মধ্যেই ভিন্ন কারণে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।
কোনো বিতর্ক বা মন্তব্য নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সমসাময়িক অনেক তারকা যখন সংসার জীবন কিংবা বিচ্ছেদের খবর নিয়ে আলোচনায়, তখন সাফা রয়েছেন নিজের মতো করেই। আর তারই একটি স্বস্তির মুহূর্তের ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রসিকতা।
ছবিতে দেখা যায়, সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে আছেন সাফা। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস। এক হাতে জুসের গ্লাস। সামনে টেবিলে রাখা রয়েছে ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস। পুরো আয়োজনেই ফুটে উঠেছে তার ছুটির আমেজ।
ছবিটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন।’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’
নেটিজেনদের কেউ কেউ তার এই পোস্টকে সাম্প্রতিক বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে সাফা নিজে পোস্টটিতে বিয়ে বা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি। মূলত ছবিকে ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে এই আলোচনা।
জা.অর্থনীতি/এসআই