আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রকাশ্যে ভিক্ষাবৃত্তির দায়ে চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ প্রশাসন। গ্রেপ্তারকৃতরা সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে নিশ্চিত করেছে সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম আল-সাবক। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিয়মিত নজরদারির অংশ হিসেবে রাজধানী রিয়াদ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
সৌদি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে সাধারণ মানুষের কাছে অর্থ চাওয়ার সময় এই চারজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির বিদ্যমান অভিবাসন ও ভিক্ষাবৃত্তিবিরোধী কঠোর আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
অভিযান পরিচালনার পর দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনো ব্যক্তিকে সরাসরি দান-খয়রাত না করে সরকারের অনুমোদিত ও প্রাতিষ্ঠানিক দাতব্য মাধ্যমের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। তাদের মতে, কেবল অনুমোদিত চ্যানেলে অর্থ প্রদান করলেই সমাজের প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হবে এবং এই ধরনের অবৈধ ও অপরাধমূলক ভিক্ষাবৃত্তির তৎপরতা কার্যকরভাবে বন্ধ করা যাবে।
পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেছেন, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত দেশব্যাপী ভিক্ষাবৃত্তি পুরোপুরি নির্মূলের দীর্ঘমেয়াদি বিশেষ উদ্যোগের অংশ হিসেবেই নিয়মিত এই অভিযান পরিচালিত হচ্ছে। সৌদি আরবের কোনো অঞ্চলেই প্রকাশ্য ভিক্ষাবৃত্তি বরদাশত করা হবে না জানিয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, সমাজকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে মুক্ত রাখা এবং সহায়তার অর্থ প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
জেএ/অভি