তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোয়েল

বিনোদন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসেবে রবিবার (৪ অক্টোবর) তাঁর নাম ঘোষণা করেছিল বিজেপি। মনোনয়ন জমা দেওয়ার আগে সোমবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করলেন তিনি।

অতীতে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কি না-এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান কোয়েল। তিনি বলেন, অতীতে কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেননি, ভবিষ্যতেও করবেন না। তার লক্ষ্য মানুষের জন্য কাজ করা।

বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান অভিনেত্রী। কোয়েল বলেন, এই দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত। দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান। বাংলার মানুষ যাতে আনন্দে থাকেন, কাজের সুযোগ বাড়ে এবং আরও স্কুল তৈরি হয়, সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। নিম্নবিত্ত মানুষের জন্যও ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন কোয়েল।

আগাম দিনে সক্রিয় রাজনীতিতে তাকে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই মানুষের সেবার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার। মানুষের জীবনে সামান্য হলেও পরিবর্তন আনতে পারলে সেটিই হবে তার জন্য বড় অর্জন।

বিজেপিতে যোগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়া নিয়েও কথা বলেন কোয়েল। সমালোচকদের প্রতি কোনো রাগ নেই জানিয়ে তিনি বলেন, যারা অন্যকে ছোট করে মানসিক আনন্দ পান, তারা হয়তো নিজেরাই কোনো সমস্যায় রয়েছেন। তাঁদের মানসিক সুস্থতা কামনা করেন তিনি।

জা.অর্থনীতি/এসআই