কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর এখন পর্যন্ত ৮ হাজার ৩০০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ হাজার ১৮ জন।

মহামারির মূল কেন্দ্র ইটুরি প্রদেশের রাজধানী বুনিয়াতে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন ইবোলা তদারকি দলের সদস্যরা। অগাস্ট ও সেপ্টেম্বরের বেতন না পাওয়ায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে রোগীর তথ্য সংগ্রহ ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

এর মধ্যেই বুনিয়ার উপকণ্ঠে কিগনজে এলাকার একটি আশ্রয়শিবিরে অস্ত্র খুঁজতে গিয়ে সেনাসদস্যরা ইবোলা চিকিৎসাকেন্দ্রে আগুন ধরিয়ে দেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর ওই আশ্রয়শিবিরে থাকা প্রায় ১৯ হাজার বাস্তুচ্যুত মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান। জাতিসংঘের ইবোলা সমন্বয়ক জুলিয়েন হার্নেস বলেন, চিকিৎসাকেন্দ্র হারানোর ফলে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ কমে গেছে।

এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) এক কর্মী ইবোলায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নেদারল্যান্ডসের লেডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। কঙ্গোয় এ পর্যন্ত অন্তত ৫০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

বুতেম্বোসহ বিভিন্ন এলাকায় মোবাইল ল্যাব ব্যবহার করে দ্রুত পরীক্ষা করা হচ্ছে। তবে সীমিত সম্পদ, নিরাপত্তাহীনতা ও স্থানীয়দের অবিশ্বাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কর্তৃপক্ষ।

জা.অর্থনীতি/এসআই