বাংলাদেশি ভেবে নিজ দেশের ২ নাগরিককে গুলি করল বিএসএফ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে ২ ভারতীয় নাগরিককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গরু চোরাচালানের সময় তাদের আটক করার পর গুলি করা হয় বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন- আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

ইবিতে বিএনপি সরকারের ‘২০০ দিনের ব্যর্থতা’ তুলে ধরল ছাত্রশক্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ জনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় ২ নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

তবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।

—জা. অর্থনীতি/এনজে