হোসেনপুরে ৩ মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক
ছবি: জাতীয় অর্থনীতি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক উদ্বোধনের তিন মাস পার না হতেই বিভিন্ন স্থানে ধসে পড়ে গাইড ওয়াল ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। সড়কটির এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করে নিম্নমানের কাজের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নের বইডাখালি ব্রিজসংলগ্ন ছাওয়ালিয়া থেকে কান্দিপাড়া সড়কে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এছাড়া সড়কের ঢালে পর্যাপ্ত পাইলিং ও মাটি কম্প্যাকশন না করায় সামান্য বৃষ্টিতেই বালু সরে খালে নেমে গেছে। এতে সড়ক রক্ষায় বসানো ব্লক ও গাইড ওয়ালের বিভিন্ন অংশ ভেঙে খালে পড়েছে। ফলে কয়েকটি গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, এলজিইডি সরেজমিনে সঠিকভাবে নকশা যাচাই-বাছাই না করেই মেসার্স মোসফিকুর রহমান কাঞ্চন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়সারা কাজের সুযোগ করে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস এবং জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, তারা ক্ষতিগ্রস্ত সড়ক এলাকা পরিদর্শন করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি