পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান উপজেলার একই ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

জানা গেছে, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। সেই টাকা আনতে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তিনি। পরে আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে ২ জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম ইমরানকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

—জা.অর্থনীতি/এনজে