এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর মেয়ে কিম জু এ-কে সঙ্গে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারকারী একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) রবিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্রটি এমন প্রযুক্তি ব্যবহার করে, যার মাধ্যমে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করা সম্ভব। কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দাবি করেছেন, এআই প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় নিজের উড্ডয়নপথ পরিবর্তন করতে পারে। ফলে এটি প্রতিহত করা কঠিন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ভোরে পূর্ব উপকূলীয় শহর ওনসানের আশপাশের একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয়। তবে ক্ষেপণাস্ত্রটির ধরন ও পরীক্ষার অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়া।

পরীক্ষা শেষে কিম জং উন বলেন, মহড়ার মাধ্যমে কৌশলগত ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যরা তাদের পেশাগত সক্ষমতা ও পাল্টা হামলার প্রস্তুতি প্রদর্শন করেছেন। শত্রুকে উত্তর কোরিয়ার কৌশলগত আক্রমণাত্মক সক্ষমতার নির্ভরযোগ্যতা ও প্রাণঘাতী ক্ষমতা উপলব্ধি করাতে প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

কেসিএনএ জানায়, সেনাদের ‘হাইপারসনিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ পরিচালনার প্রশিক্ষণের অংশ হিসেবে এই উৎক্ষেপণ করা হয়।

এদিকে, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী নিরস্ত্রীকরণ অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়া। ওই ঘটনায় তিন দক্ষিণ কোরীয় সেনা আহত হন। তবে পিয়ংইয়ং দায় অস্বীকার করেছে।

জা.অর্থনীতি/এসআই