কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার উন্নয়ন পরিকল্পনা জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। নির্বাচনের আগে তার ঘোষিত ৩৭ দফা প্রতিটি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কলাপাড়া হেলিপ্যাড মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও পরিবেশকর্মীদের নিয়ে আন্ধার মানিক নদীর তীর পরিদর্শন শেষে তিনি এ পরিকল্পনা জানান।
সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়ায় শিশুদের বিনোদনের জন্য হেলিপ্যাড মাঠে ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে অত্যাধুনিক শিশু পার্ক। পাশাপাশি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ ও চারটি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মহিপুর থানাকে উপজেলা রূপান্তর, কুয়াকাটাকে উপজেলা করা, কুয়াকাটা পৌরসভাকে ক শ্রেণিতে উন্নীত করা, কলাপাড়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মহিলা ডিগ্রি কলেজকে সরকারীকরণ, কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গণ রোধে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় এমপি মোশাররফ হোসেন পৌর শহরের একমাত্র বিনোদন স্পট হোলিপ্যাড ঘুরে দেখেন এবং নদী শাসনসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন।
—জা.অর্থনীতি/এনজে