আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে বাজি মার্তিনেজের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটির পর আর আলবিসেলেস্তাদের জার্সিতে দেখা যাবে না বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে।

জাতীয় দল থেকে মেসির অবসরের সময় যত ঘনিয়ে আসছে, আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি কে পরবেন তা নিয়ে জল্পনা-কল্পনাও তত বাড়ছে। তিন ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ যেন কিংবদন্তির এই জার্সির নতুন উত্তরসূরি হিসেবে নিকো পাজকে বেছে নিয়েছেন।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে একটি চমৎকার গোল ও দক্ষতার দুর্দান্ত ঝলক দেখিয়ে নজর কাড়েন নিকো পাজ। ম্যাচ শেষে নিকোর একটি সোশাল মিডিয়া পোস্টে মন্তব্য করতে গিয়ে দিবু মার্তিনেজ রসিকতা করে প্রশ্ন তোলেন, ‘নতুন ১০ নম্বর?’ অর্থাৎ, ইতালীয় ক্লাব কোমোতে খেলা এই তরুণ তারকাই যে মেসির ১০ নম্বর জার্সি পরার প্রধান দাবিদার, প্রথম বাজি ধরে যেন সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন অভিজ্ঞ এই গোলকিপার।

তবে দিবু মার্তিনেজের এই মন্তব্যের বাইরে বাস্তব চিত্র হলো—মেসি আনুষ্ঠানিকভাবে বিদায় জানালে কে ১০ নম্বর জার্সিটি গায়ে তুলবেন, তা নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। এমনকি বাছাইপর্ব জুড়ে এই নম্বরটি বারবার পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগেই কোচ স্কালোনি জানিয়েছিলেন, ‘এই ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সি কাউকে দিতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। তাই লিওর অবসরের শেষ ম্যাচ পর্যন্ত আমরা এই নম্বরটি কাউকেই দেব না। এরপর কী হবে তা পরে দেখা যাবে, তবে আমরা এখনও নিশ্চিত করে কিছু ভাবিনি।’

তিনি আরও স্পষ্ট করে জানান, বাছাইপর্বের সব ম্যাচে একজন খেলোয়াড়কেই সবসময় ১০ নম্বর জার্সি পরতে হবে এমন কোনো নিয়ম নেই। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জার্সিটি যা কিছু মহৎ ও চমৎকার স্মৃতি বহন করে, তার প্রতি সম্মান জানিয়ে দিনশেষে কেউ একজন যেন স্থায়ীভাবে এটি নিজের করে নিতে পারে—এটাই আমাদের চাওয়া।

—জা.অর্থনীতি/জেআরটি